, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে নাগরিকের জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে নানা কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচীর মধ্যেছিল মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন রাজশাহী। এর আগে, পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিউর রহমানের নেতৃত্বে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ইসির অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখতে হবে। প্রকল্পের জনবল রাজস্বকরণ করতে হবে। এনআইডি সেবা নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
নির্বাচন কর্মকর্তা দাবি করেন, বিগত সরকার এনআইডি সেবাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল, সে চক্রান্ত আবারও শুরু হয়েছে। বিগত সময়ে বিভিন্ন দপ্তর থেকে নাগরিকদের তথ্য চুরির মত ঘটনা ঘটেছে, কিন্তু নির্বাচন কমিশন নাগরিকদের তথ্য সংরক্ষণের সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামানিক সহ জেলা ও থানা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
নওগাঁ: বৃহষ্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের ব্যানারে জেলা নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মাদ, নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম, সহকারি প্রোগ্রামার আকাশ মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ অংশ নেয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৭-২০০৮ সালে নাগরিকের ছবিসহ ভোটার তালিকা ও ডাটাবেজ তৈরি এবং পরবর্তীতে ওই ডাটাবেজের ভিত্তিতেই জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়। নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং আই ডি ই এ টু প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার জনবল এর সাথে সরাসরি যুক্ত। অথচ হঠাৎকরেই এনআইডি পরিষেবা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে। এতে ভোটার তালিকা বিশুদ্ধতা হুমকির মুখে পরবে ও গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। তাই নাগরিককে ভোগান্তির হাত থেকে রক্ষায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে দাবি করেন বক্তারা।
শিবগঞ্জ: বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ বলেন, ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয়পত্রের উৎপত্তি। গত ১৭ বছর ধরে নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে সন্তানের মত। এটা আমাদের নিজস্ব সম্পদ। কিন্তু সম্প্রতি একটি চক্র জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমকে আলাদা একটি কমিশন গঠন করে সেখানে হস্তান্তরের পায়তারা করছে। এর প্রতিবাদে ও আমাদের সন্তানতুল্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আমরা কর্মবিরতি কর্মসূচি পালন করছি। আমরা আশা করছি সরকার আমাদের দাবির সাথে একমত থাকবে। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন শেষে দুপুর ১টার পরে আবার অফিসের কার্যক্রম শুরু হয়।
এ সময় কর্মসূচিতে উপস্থিত সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলম, ডাটা এন্ট্রি অপারেটর আরিফুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম জাকি, গোলাম আযম ও স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইন্টেন্যান্স অপারেটর মেহেদী হাসানসহ অন্যরা।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এনআইডি কার্ডের কার্যক্রম অন্যত্র সরানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ তপু ও সহকারী নির্বাচন অফিসার রবিউল ইসলামসহ অন্যরা।
নিয়ামতপুর: বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ, ডাটা এন্ট্রি অপারেটর এমরান আনসারী, স্কানিং অপারেটর তৌফিকুল ইসলাম, টেকনিক্যাল এক্সপার্ট রাকিব হাসান, নিরাপত্তা প্রহরী জুয়েল রানা প্রমুখ।
মোহনপুর: মোহনপুর উপজেলা নির্বাচন অফিস এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, অফিস সহকারি রায়হান আলী, ডাটা এন্ট্রি অপারেটর সজিব হোসেন, বিশ্বজিৎ, স্ক্যানিং অপারেটর শাহানাজ পারভিন, অফিস সহায়ক আব্দুল সামাদসহ সকল কর্মচারিরা।এছাড়াও উক্ত কর্মসূচিতে অংশ নেন, ভোটার তালিকা হালনাগাদ সুপার ভাইজার কামরুজ্জামান, প্রভাষক আব্দুল মমিন, এনামুল করিম, মুঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, আজিমুদ্দিনসহ প্রমূখ।
আত্রাই: মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে আত্রাই উপজেলা নির্বাচন অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফেরদৌস আলম। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সরকারের কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং জনগণের স্বার্থে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। এসময় ছিলেন সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন, ডাটা এন্ট্রি অফিসার রায়হান ও সৈয়দ শামিম হোসেন ও উপজেলা নির্বাচন অফিসের সকল স্টাফ প্রমুখ।