, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা দপ্তর’ নামে একটি নতুন দপ্তর চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এই দপ্তর প্রতিষ্ঠার প্রস্তাবসহ এর জনবল কাঠামো ও বাজেট প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। ১৫ অক্টোবর তারিখে অনুষ্ঠিত রাবি সিন্ডিকেটের বিশেষ সভায় বিষয়টি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন ও বাজেট মঞ্জুরের পর দপ্তরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
রাবি স্টুয়ার্ড শাখা এতদিন ক্যাম্পাসে নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছিল। ক্যাম্পাসের কলেবর ও সেবার পরিধি বৃদ্ধির কারণে দ্রুত ও মানসম্মত পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন দপ্তর প্রতিষ্ঠার প্রয়োজন হয়।
এই বিষয়ে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বড় ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ একটি শাখার মাধ্যমে পরিচালনা করা দুরূহ হচ্ছিল। এ কারণে একটি স্বতন্ত্র পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ দপ্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়। এতে করে যথাসময়ে ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।