নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান মিনুর

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, খুব অল্প সময়ের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের আমাদের দলের কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান ঈদের পরই মা ও সন্তানসহ বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন। জনগনকে সাথে নিয়ে কাজ করবেন। বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর ভাড়ারিপাড়ায় ১৭ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ১৯৯১ সালে স্বৈরাচারকে বিদায়ের পর যেমন বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন এবং পরে তিনি দেশের উন্নয়নে কাজ করেছিলেন। বর্তমানেও জনগন বিএনপিকে বিপুল ভোটে জয়ী করবেন। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে মানুষ যুদ্ধ করে পাকিস্তানী বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছিলেন। আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ।
তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর খুনি হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তার পতন সুনিশ্চিত করেছিলেন। তারই ধারাবাহিকতায় জুলাই অভ্যুথানে ছাত্রজনতাসহ দেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা শহীদ জিয়ার সৈনিক এ দেশের মাটি ও মানুষকে রক্ষা করবো। বেকারত্ব সমস্যার সমাধান করে এই দেশকে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সংস্কার করে একটি সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে হবে। আশা করছি, আগামী কিছু দিনের মধ্যে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করবেন। দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবেন। শেষে তিনি আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। ইফার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি ছিলেন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে এ ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।


প্রকাশিত: মার্চ ২১, ২০২৫ | সময়: ৩:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ