সর্বশেষ সংবাদ :

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :

রাজশাহীর নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক স্থাপিত প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ।

শনিবার (২৮ মার্চ ) সকাল ১০ টায় গোদাগাড়ী ডাইংপাড়া গোল চত্বরে গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তাদের ক্ষোভ ও ভোগান্তির কথা তুলে ধরেন।

প্রতিবাদের প্রতীক হিসেবে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে লেখা ছিল “আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।”

আয়োজকরা অভিযোগ করেন, ডিজিটাল প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি করছে। এটি জনদুর্ভোগ ও জনবিরোধী সিদ্ধান্ত। রাজশাহীতে সরকারি অফিসে পোস্ট-পেইড মিটার চালু থাকলেও সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রিপেইড মিটার। এতে ভোগান্তি ও অতিরিক্ত বিলের বোঝা বাড়ছে। তাই অবিলম্বে এ ধরনের মিটার স্থাপন বন্ধ করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নেসকো কর্তৃপক্ষ জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করছে এবং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক ও তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটে পড়েছে।

ভুক্তভোগীরা বলেন, “আগে যেখানে স্বাভাবিক বিল পরিশোধ করতাম, এখন প্রিপেইড মিটারের কারণে কয়েকগুণ বেশি টাকা খরচ হচ্ছে। অনেকেই নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন না। এটি আমাদের ওপর এক ধরনের আর্থিক নির্যাতন।”

মানববন্ধন থেকে অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ এবং অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসাথে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, “আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক, নয়তো আমাদের বাঁচার পথ নেই।”

এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. সালাহ উদ্দীন বিশ্বাস, সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সমাজ ও মানবকল্যাণ সংস্থার মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা দ্রæত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: March 28, 2026 | সময়: 7:47 pm | Daily Sunshine