, , ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীদের কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বদলগাছী সদর ইউপি’র প্রশাসক ফারুক আহমেদের বিরুদ্ধে। ফারুক আহমেদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
তথ্য সংগ্রহ কালে জানা যায়, গত রবিবার (২১ সেপ্টেম্বর) সদর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি’র ৩০ কেজি করে চাল উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়। এসময় এক অভিযোগের ভিত্তিতে ২৯ জন উপকারভোগী মহিলার কার্ড কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে চাপের মুখে পড়লে চাল দিতে বাধ্য হয়। কিন্তু কার্ড আর ফেরত দেয়নি।
সদর ইউনিয়নের শেরপুর গ্রামের দিনমজুর আব্দুল মজিদের স্ত্রী গৃহবধূ কবিতা বলেন, আমার স্বামী দিনমজুর কাজ করে। অভাব অনটনের সংসার। দিন এনে দিন খেয়ে সংসার চলে আমাদের। কিন্তু পরিষদে চাল নিতে গেলে চাল দিয়ে আমার কার্ড কেড়ে নেয়। কেন কেড়ে নিল আমি কিছু জানি না।
একই গ্রামের ভ্যানচালক আলমের স্ত্রী শরিফা এবং রড সিমেন্টের দোকানের কর্মচারী মিন্টুর স্ত্রী রেশমা একই অভিযোগ করে বলেন, কোন কারণ ছাড়াই আমাদের কার্ড কেড়ে নেওয়া হয়। আমাদের কি দোষ জানিনা। আমরা গরিব তাই বলে আমাদের এভাবে অসম্মান করা হবে এটা আমরা আশা করিনি।
নাম প্রকাশ না করার শর্তে একজন ইউপি সদস্য বলেন, প্রত্যেক উপকারভোগী’কে যাচাই-বাছাই করেই কার্ড দেওয়া হয়েছে। তারপরও প্রশাসক সাহেব কিসের ভিত্তিতে কার্ড নিলেন আমি জানিনা। দুই একটা অনিয়ম হয়েছে কিনা জানা নেই। কিন্তু ঢালাওভাবে কার্ড নিয়ে নেওয়া মোটেও ঠিক হয়নি।
এ বিষয়ে বদলগাছী সদর ইউপির প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, আমাদের কাছে একজন লিখিত অভিযোগ দিয়েছিল। সেই ভিত্তিতে যাচাই-বাছাই করার জন্য তাদের কাছ থেকে কার্ডগুলো নেওয়া হয়েছে। কেড়ে নেইনি। যাচাই বাছাই করে আবার ফেরত দেব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি সানশাইন’কে বলেন, যেসব উপকারভোগীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে তাদের কার্ড রেখে দেওয়া হয়েছে। কিন্তু তাদের চাল দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে কেউ প্রকৃত উপকারভোগী না হলে তাদের কার্ড বাতিল করা হবে এবং প্রকৃত উপকারভোগী হলে কার্ড ফেরত দেওয়া হবে।
রানা হামিদ /শামি