সর্বশেষ সংবাদ :

মান্দায় হাটের জমিতে নির্মাণাধীন দোকানঘর ভেঙে দিলেন ইউএনও

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার গোপালপুর হাটের জমি দখল করে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া। বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর রোববার ১৫ জুন বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্তরা হলেন মোতাহার হোসেন, লালবর হোসেন, ইসমাইল হোসেন ও মছির উদ্দিন। তারা ইট, বালু ও সিমেন্ট সহ বিভিন্ন সামগ্রী দিয়ে স্থায়ীভাবে অবকাঠামো নির্মাণ করছিলেন।
গোপালপুর বাজার এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতাকর্মীরা হাটের অন্তত ৯০ ভাগ সরকারি জমি দখল করে পাকা দোকানপাট নির্মাণ করেছেন। এখন যেটুকু জায়গা বাকি আছে, সেটাও দখল হয়ে যাচ্ছে।’
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে হাটের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার চেষ্টা চলছিল। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন সরেজমিনে তদন্ত করে নিশ্চিত হয় যে জমিগুলো সরকারি খাসজমি এবং জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত।
অভিযানকালে ইউএনও শাহ আলম মিয়া বলেন, ‘সরকারি ও জনস্বার্থসংশ্লিষ্ট জমি দখলের কোনো সুযোগ নেই। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’ প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এলাকার লোকজন।


প্রকাশিত: June 16, 2025 | সময়: 5:46 am | সুমন শেখ