, , ।
স্টাফ রিপোর্টার: বিভিন্ন উৎসবে শিশুরা বাবা-মায়ের হাত ধরে ঘুরতে যায় বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ইচ্ছে পূরণ শেষে খুশি মনে বাড়ি ফেরে তারা। কিন্তু তাদের চিত্র আলাদা। শিশুকালটা যেন তাদের সাদাকালোই থেকে যায়। কারো অভাবে, কেউ বা এতিম। এবার তাদের মুখে এক চিলতে হাসি ফোঁটাতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্ত বন্ধন ফাউন্ডেশন’। ভিন্নধর্মী এক আয়োজনে মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে একটি দিন কাটালো রক্ত বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
একটি মাদ্রাসার ৭০ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজন পরিচালনা করা হয় শুক্রবার। উক্ত আয়োজনে, শিক্ষার্থী এবং অবিভাবকদের রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে ভ্রমণ, বিভিন্ন রাইডে ভ্রমণ, দুপুরের খাবার, খেলাধূলা এবং পুরষ্কার প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্ত বন্ধন ফাউন্ডেশন’ এর সেক্রেটারি ডাঃ নুর সালেম জানান, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র পরিবারের অথবা এতিম হয়ে থাকে। ইচ্ছে থাকলেও অনেক আনন্দ থেকে বঞ্চিত থাকে তারা। তাই তাদের একটু আনন্দ দিতে আজকের এই ইভেন্টটি পরিচালনা করা হয়।
ইভেন্টে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তামান্না মুস্তারী, সহকারী ক্যাশিয়ার শ্রী বিশাল চৌধুরীসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক। অসহায় রোগি ও মানুষের প্রয়োজনে দীর্ঘ প্রায় ৭ বছর ধরে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।