বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিচার বিভাগের উদ্যোগে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে ২০০৫ সালে জঙ্গি হামলায় নিহত প্রয়াত বিচারক শহীদ সোহেল আহমেদ ও স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে এঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং সম্প্রতি দুর্বৃত্তের হামলায় রাজশাহীর বিজ্ঞ মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান-এঁর পুত্র মোহাম্মদ তাওসিফ রহমান নৃশংসভাবে খুন হওয়ায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিলে সিনিয়র সিভিল জজ আশরাফুন্নাহার রীটা’র সঞ্চালনায় রাজশাহী বিচার বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বিচারকদের নিরাপত্তায় সরকারকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। সভায় বক্তব্য দেন, মোঃ শাহীন কবীর, সিনিয়র সিভিল জজ, রাজশাহী, মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাজশাহী, মো: জুলফিকার উল্লাহ, অতিরিক্ত মহানগর দায়রা জজ, রাজশাহী, মোস্তফা পাভেল রায়হান, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, রাজশাহী, মোহাঃ মহিদুজ্জামান, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), দ্রুত বিচার ট্রাইব্যুনাল, রাজশাহী এবং শেখ নাজমুল আলম, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, রাজশাহী। দোয়া মাহফিল পরিচালনা করেন খতিব মোঃ আব্দুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন মো: শফিউল আলম, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, রাজশাহী। সভায় বক্তারা বলেন, চরম নিরাপত্তাহীনতার মধ্যেও দেশের বিচার বিভাগ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। সাম্প্রতিক ঘটনা বিচার বিভাগের সদস্য ও তাঁদের পরিবারের নিরাপত্তা-ঝুঁকির বিষয়টি নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। তাঁরা বলেন, বিচারক ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়। পরিশেষে মাননীয় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব মো: শফিউল আলম নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মরণসভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।