সর্বশেষ সংবাদ :

নদী দখল-দূষণমুক্ত করতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

‎স্টাফ রিপোর্টার ও স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: এক দিনের সরকারি সফরে রাজশাহীতে এসেছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সফরকালে তিনি পবা উপজেলার বারনই নদী, গোদাগাড়ীতে নদী ভাঙন এলাকা ও নগরীর শহর রক্ষা বাঁধ (টি-বাধ) পরিদর্শন করেছেন।। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, নদী দখল ও দূষণমুক্ত করতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নদী রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বারনই নদী পরিদর্শন: পবা উপজেলার বারনই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ রোধ এবং অবৈধ দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ প্রকল্পের এলাকা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “বারনই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ বন্ধ করা এবং অবৈধ দখলমুক্ত করার মাধ্যমে নদীটিকে পুনরুজ্জীবিত করতে হবে। এ জন্য প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।” তিনি আরও বলেন, নদী শুধু পানিপ্রবাহের মাধ্যম নয়; এটি পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই নদী রক্ষায় দখল ও দূষণ বন্ধের পাশাপাশি এর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে হবে।
‎প্রতিমন্ত্রী নদীটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় নদীর অবৈধ দখল চিহ্নিত করা, দূষণের উৎস নিরূপণ এবং নদীর প্রবাহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
টি-বাঁধ পরিদর্শন: রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন। পাশাপাশি রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
গোদাগাড়ী: গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শনকালে তিনি নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


প্রকাশিত: October 16, 2026 | সময়: 3:46 am | সুমন শেখ