সর্বশেষ সংবাদ :

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজের আহ্বান রাসিক প্রশাসকের

স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, যুবসমাজ ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বুধবার দুপুরে হোটেল এক্সের সম্মেলন কক্ষে দ্য আর্থ সোসাইটির উদ্যোগে গ্রিন ভয়েজ প্রকল্পের আওতায় আয়োজিত হাই লেভেল ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাসিক প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের অবক্ষয় বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এক বছরে আড়াই লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে এ কর্মসূচি চলমান রয়েছে। এছাড়া পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বনায়ন ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটন ও কর্মসংস্থান বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। মাহফুজুর রহমান রিটন আরও বলেন, রাজশাহীকে শুধু ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ নয়, বাস্তব অর্থেই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন এবং স্ট্রিট লাইট উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তবে এসব উদ্যোগ সফল করতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে রাজশাহী আরও পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত হবে।
তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বিভিন্ন উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জলবায়ু নীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বিষয়ে নীতিনির্ধারক ও যুব নেতাদের মতবিনিময় হয়। বিভাগীয় এ সংলাপে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও যুবদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় গ্রিন ভয়েজ প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা ও নীতিগত সুপারিশ উপস্থাপনের পাশাপাশি জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণে নারী ও যুবদের অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংলাপে দ্য আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 16, 2026 | সময়: 4:59 am | সুমন শেখ