নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম ‘প্রধান তথ্য কমিশনার’ হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সাথে তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাপক ড. নাহরিন ইসলামকে তথ্য কমিশনের ‘প্রধান তথ্য কমিশনার’ পদে নিয়োগ প্রদান করেছেন। তাঁর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অপরদিকে, আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ অনুযায়ী অধ্যাপক ড. নাহরিন ইসলামকে আগামী ২ (দুই) বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সততার সাথে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, “রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তা আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করার চেষ্টা করব। তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নে জাবি সিন্ডিকেটে ইতিবাচক ভুমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”