সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী

আলামিন খান,জাবি প্রতিনিধি

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) বার্ষিক সাধারণ সভায় ২০২৭-২০২৮ দুই বছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন (ড. সুমন) সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম (শিবলী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. আবুল কাসেম শিখদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে সাবেক কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রফিকুল ইসলাম পান্না, সহ-সভাপতি পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আলী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. নজরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের খলিলুর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. সাইফুল ইসলাম।

 

এছাড়া কোষাধ্যক্ষ পদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. বাবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আল-আমিন খান, দপ্তর সম্পাদক পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফরহাদ রহমান সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মো. সালমান সাদেকীন চয়ন, সমাজকল্যাণ সম্পাদক পদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মোস্তাক জাহান এবং ক্রীড়া সম্পাদক পদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ রাশেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. বশিরুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলাম মর্তুজা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কামরুন নাহার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদেমুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. সাহেদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খন্দকার মোয়াজ্জেম হোসেন এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের আবু সালেহ মুহাম্মদ মূসা।

উল্লেখ্য, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সংগঠিত করার লক্ষ্যে ২০২০ সালে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)’ যাত্রা শুরু করে।

 


প্রকাশিত: October 16, 2026 | সময়: 10:22 pm | Daily Sunshine

আরও খবর