মহাদেবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধাকে চিকিৎসা দিতে বিব্রতকর অবস্থায় স্বাস্থ্যকর্মীরা

লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ:

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধা। তাকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন স্বাস্থ্যকর্মীরা। বৃদ্ধা মুখে কিছু বলতে পারছেন না বলে তার নাম, ঠিকানা বা পরিচয় জানা সম্ভব হয়নি। অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধাকে নিয়ে চরম বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

জানা গেছে, গত ১ জানুয়ারি বুধবার বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে নওহাটা মোড় এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা কোনোভাবে সড়ক দু*র্ঘ*ট*না*র শিকার হয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশীদুল ইসলাম জানান, ভর্তির পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা, ঔষধপত্র-সহ সব ধরনের সেবার ব্যবস্থা করেছে। তবে বৃদ্ধার অসহযোগিতার কারণে চিকিৎসকরা বিব্রতবোধ করছেন। ওই বৃদ্ধা তার শরীরে স্যালাইন, ইনজেকশন দেওয়া কিংবা পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্ত নিতে গেলেও স্বাভাবিক আচরণ করছেন না। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

 

তিনি আরও বলেন, তার পরিবারের খোঁজ-খবর পেলে তাকে সারিয়ে তোলা সহজ হতো।

সানশাইন/রাজন


প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫ | সময়: ৭:৩৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর