বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রামে প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুই দিনের অনাকাঙ্খিত বৃষ্টিতে বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় বিঘ্ন ঘটার পাশাপাশি হাজার হাজার পোষ্টার ভিজে নষ্ট হয়ে গেছে। এতে পোস্টার শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। নির্বাচনী প্রচারণার শেষ দিনে থমকে গেছে নির্বাচনী প্রচারণা আর ক্ষতির মুখে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। শেষ মুহুর্তে প্রচারণায় নামতে না পেরে বিপাকে পড়েছেন প্রার্থীরা।
জানা গেছে, আগামী ২৯ মে তৃতীয় ধাপে বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী পোস্টার লিফলেটে ছেয়ে গেছে উপজেলা পরিষদ চত্ত্বর, অফিস-আদালতসহ দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন মোড়, রাস্তা-ঘাট, হাটবাজার, দোকানপাট। আচরণবিধি মেনে দঁড়ি দিয়ে টাঙ্গানো হয়েছে প্রার্থীদের প্রতীক সম্বলিত ছোট বড় এসব পোস্টার। রবিবার রাত ও সোমবার সারা দিন ভারি বৃষ্টিতে এসব টাঙানো পোস্টার ভিজে খসে খসে মাটিতে পড়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রার্থীরা। নতুন করে পোস্টার ছাপিয়ে ছাপাখানার মালিকরা কিছুটা লাভবান হলেও বাড়তি খরচ গুণতে হচ্ছে প্রার্থীদের। একই সাথে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টির পাশাপাশি গ্রামীণ কাঁচা সড়ক গুলোতে কাদা সৃষ্টি হয়ে প্রচারণার শেষ দিনে মাঠেই নামতে পারেননি প্রার্থীরা।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল পাটোয়ারী বলেছেন, শুধু পোস্টারের ক্ষতি নয়, নির্বাচনের শেষ প্রচার কাজে বিঘ্ন সৃষ্টি করেছে এ বৃষ্টি।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল হাসান ফারুক বলেন, হঠাৎ বৃষ্টিতে অনেক টাকার পোস্টার নষ্ট হয়ে গেছে এবং প্রচারণার গুরুত্বপূর্ণ সময়টাতে নির্বাচনী গণসংযোগ বিঘ্নিত হয়েছে। তাই বাড়তি খরচ হলেও দ্রুত পোস্টার ছাপিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠাতে হচ্ছে।