সর্বশেষ সংবাদ :

পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যসেবায় এক ঝাঁক তরুন

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিসেব) রাজশাহী ডিভিশন। তিনদিন ব্যাপী এ উদ্যোগে শুরু হয় শনিবার (২৪ মে) সকালে এবং শেষ হয় সোমবার (২৬মে) বিকেলে। ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’ শীর্ষক বৈচিত্র্যময় ও বাস্তবভিত্তিক এই কর্মসূচি মূলত চারটি ধাপে বিভক্ত, যার প্রতিটি ধাপেই পরিবেশ রক্ষা এবং মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা ও কল্যাণের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। শনিবার (২৪মে) সকালে “প্রজেক্ট ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড গ্রিনারি ইনেসিয়েটিভ” এর মাধ্যমে শুরু হয় এই কর্মসূচির পথচলা। চন্দ্রকলি ফাউন্ডেশনের সহযোগিতায় রাজশাহী শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫০০টির বেশি বৃক্ষরোপণ করা হয়। আকস্মিক গরমের পর বৃষ্টিভেজা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ইউনিস্যাব সদস্যরা পরিকল্পনামাফিক পুরো কার্যক্রমটি সম্পন্ন করেন।
শনিবার (২৪ মে) বিকেলেই অনুষ্ঠিত হয় প্রজেক্ট এনভায়রনমেন্টাল ক্লিনিং ক্যাম্পেইন এর প্রথম ধাপ। শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে ইউনিস্যাব সদস্যরা পরিবেশ রক্ষায় সরাসরি ভূমিকা রাখেন। তারা নগরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগর গঠনে মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে চায়।
রবিবার (২৫মে) অনুষ্ঠিত হয় দুইটি গুরুত্বপূর্ণ ধাপ। সকালে রাজশাহীর বিনোদপুর মিশনারি স্কুল প্রাঙ্গণে হয় প্রজেক্ট ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং অ্যান্ড অ্যাওয়ারনেস এর দ্বিতীয় ধাপ, যেখানে স্থানীয় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। একইদিন বিকালে সানলাইট ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রির সহায়তায় রাজশাহী শহরের ডিঙাডোবা সাঁওতাল পাড়ার সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে স্বাস্থ্যকর খাদ্যপণ্য বিতরণ করা হয়। এই কার্যক্রম ছিল প্রজেক্ট ফ্রি হেলদি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন এর আওতাভুক্ত, যা মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখে।
সোমবার (২৬মে) সকালে অনুষ্ঠিত হয় ‘প্রজেক্ট ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং’ এর চূড়ান্ত ধাপ, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থী ও কর্মচারীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। একই দিনে বিকালে সিরাজী ভবনের সিসিডিসি সেমিনার রুমে আয়োজন করা হয় ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’ এর সমাপনী অনুষ্ঠান।
সেখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাডভাইজার ড. মো. আমিরুল ইসলাম, সিসিডিসি পরিচালক ড. মো. নুরুল মোমেন, আন্তর্জাতিক বিষয়ক দফতরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদুর রহিম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল আনিস, এবং ইউনিস্যাবের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন অংশীদার সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সহ-প্রতিষ্ঠানের প্রতিনিধি, যেমন গ্রো-আপ-এর পক্ষ থেকে আতিক তন্ময় ও রুকসানা পারভিন, চন্দ্রকলি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখাওয়াত উল্লাহ, সানলাইট ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রির উপদেষ্টা পলাশ কুমার মজুমদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিটের সভাপতি আব্দুল্লাহ আল নাহিদ ও সম্পাদক একরামুল হক নিলয়।


প্রকাশিত: May 28, 2025 | সময়: 4:21 am | সুমন শেখ

আরও খবর