শিক্ষকরাই একটি জাতির মেরুদন্ড: অধ্যাপক মুজিবুর

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘শিক্ষকরাই একটি জাতির মেরুদন্ড। নতুন প্রজন্ম গড়ার মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। জাতি গঠনের মূল শক্তি হলো সুশিক্ষা, নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে তরুণরা দক্ষতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান এসব কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাহমুদ হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর শওকত আলী, রাজশাহী শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী উপজেলার আমীর নূমায়ন আলী মাস্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, দেশের উন্নয়ন ও জাতি গঠনের মূল ভিত্তি হলো শিক্ষা। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকরা যদি আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলেন, তবে ভবিষ্যৎ প্রজন্ম হবে দক্ষ ও মানবিক। এ সময় তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সভা শেষে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন।
বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং আল্লাহ তাআলার নিকট সকলের জন্য কল্যাণ কামনা করেন।


প্রকাশিত: মে ৮, ২০২৬ | সময়: ৩:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ