রাজশাহীর দুর্গাপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫

জুবায়ের তুহিন, রাজশাহী :

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে বাস্তব মহড়ার আয়োজন করা হয়।

উপজেলা মিনি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ সাইদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, মাধ্যমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আসিফুল ইসলাম এবং থানার প্রতিনিধি এসআই রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন— প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। জনগণকে দুর্যোগ-প্রতিরোধমূলক জ্ঞান ও প্রশিক্ষণে আরও দক্ষ করে তোলার আহ্বান জানান তারা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে নিয়মিত মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি চালু রাখার ওপরও জোর দেন বক্তারা।

আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে এক বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসাহের সঞ্চার করে। দুর্গাপুর উপজেলা প্রশাসনের এই সুচিন্তিত আয়োজনে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সানশাইন /শামি


প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫ | সময়: ৮:১৭ অপরাহ্ণ | Daily Sunshine