বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ জামাতে ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপির একটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বাউসা ইউনিয়ন জামাতের ব্যানারে মানব বন্ধন কর্মসুচি পালন করতে গেলে এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি সেখানে মানব বন্ধরের প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করে।
স্থানীয় লোকজন জানান, বাঘা উপজেলা জামাতের সেক্রেটারি ইউনুস আলী ও বাউসা ইউনিয়ন জামাতের সভাপতি মওলানা মজিবুর রহমানের নেতৃত্বে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের টিসিবি, ভিজিডি, ভিজিএফ কার্ড, তথ্যসেবা কেন্দ্রের চাঁদাবাজি এবং ঈদকে সামনে রেখে হত দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার সাকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় এবং সেটি বাস্তবায়ন করার জেষ্টা করে।
এ সময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ তাদের লোকজন এসে বিএনপি সমর্থীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমানের পক্ষ নিয়ে মানব বন্ধনে বাধা সৃষ্টি করে। এতে করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষে আহত হয়। তবে আহতদের কাউকে হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, একজন ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান-১) আব্দুর রহমান ২ মাস পুর্বে ক্ষমতা পেয়েছেন। তিনি এই সামান্য সময়ের মধ্যে কি অনিয়ম করলেন সেটা আমাদের বোধগম্য নয়। তাদের মানব বন্ধান কর্মসূরি ডাক দেওয়া ঠিক হয়নি। আমরা ওদের ব্যানারটি কেডে নিয়ে মানববন্ধন না করার জন্য অনুরোধ করেছি। এখানে কোন সংঘাত হয়নি বলেও দাবি করেছেন তিনি।
এ প্রসঙ্গে প্যানেল মেয়র আব্দুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগের কোন সত্যতা নেই। প্রশাসন এসে যদি কোন অনিয়ম পায় তাহলে আমি আমার পদ থেকে সরে দাঁড়াবো। এটা মুলত এক ধরনের ষড়যন্ত্র।
এদিকে ঘটনার পর-পর সেখানে পুলিশ উপস্থিত হওয়ার পুর্বে বাউসা বাজার কমিটি ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে পরিস্থিতি শান্ত করেছেন বলে জানা গেছে। তবে বিএনপির কর্মী সমর্থকরা মানব বন্ধনের প্রতিবাদ জানিয়ে একটি মিছিল করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেন।