বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মহান বিজয় দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, স্বাধীনতার ৫৩ বছরেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়নি। এখন আধিপত্যবাদী অপশক্তি ও তার দোশরদের ষড়যন্ত্র রুখতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এক আলোচনা সভায় এ কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী। তিনি সভায় সভাপতিত্ব করেন।
ড. কেরামত আলী বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরীর নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমুখ।
এর আগে সকাল ৯টায় নগরের আলুপট্টি মোড় থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এছাড়া নগরের হেতেমখাঁ, জাদুঘর মোড়, লক্ষ্মীপুর ও বিন্দুর মোড় রেলগেট থেকে বিভিন্ন থানা জামায়াতের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। এসব শোভাযাত্রা আলুপট্টিতে এসে মিলিত হয়। পরে আলুপট্টি থেকে শোভাযাত্রা নিয়ে সাহেববাজারে গিয়ে সভা করেন জামায়াত নেতারা।