, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে কোদাল হাতে নিজেই রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েছেন স্থানীয় ইউপি সদস্য আমিনুর ইসলাম আমু। মেম্বারের জনকল্যাণমূলক এমন উদ্যোগ দেখে অনেকেই তাকে সাধুবাদ জানায়।
আটাপুর ইউনিয়নের রামপুরা গ্রাম থেকে তুলসীগঙ্গা নদীর ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দেশ স্বাধীনের পর থেকে রাস্তাটির সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মোটরসাইকেল, সাইকেল, ভ্যান, রিক্সা এমনকি পায়ে হেঁটেও চলাচল করা যায় না।
এই রাস্তাটুকুই জয়পুরহাটের পাঁচবিবি ও দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলাকে বিচ্ছিন্ন করে রাখেছে। রামপুরা থেকে ব্রিজ পর্যন্ত এক কিমি এবং হাকিমপুর অংশটুকু পাকা করা হলে দুই উপজেলার সংযোগ সৃষ্টি হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।
এলাকাবাসীর দুর্ভোগের কথা ভেবেই ইউপি সদস্য আমু মেম্বার নিজ খরচে মেসি ট্রাক যোগে অন্যত্র থেকে মাটি এনে রাস্তায় ফেলে চলাচলের উপযোগী করছেন। নিজে কোদাল হাতে শ্রমিকদের সাথে মাটি কাটা ও সমান করার কাজ করছেন তিনি।
স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ কুজুর ও লক্ষীরাম মুর্মু বলেন, ছোটবেলা থেকেই রাস্তাটির বেহাল অবস্থা দেখে আসছি। বর্ষাকালে কাদা-পানির জন্য চলাচল করা যায় না, আমাদের অনেক কষ্ট হয়। আমাদের মেম্বার আমু নিজের টাকায় রাস্তায় মাটি দিচ্ছেন আগামী বর্ষায় কষ্ট হবে না।
ইউপি সদস্য আমিনুর ইসলাম আমু বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হই। তাদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার দায়িত্ব। সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবেই নিজ অর্থায়নে রাস্তায় মাটি ফেলে চলাচলের উপযোগী করছি। সাধ্যমতো ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।
মেম্বারের এমন উদ্যোগে এলাকাবাসী খুশি।