বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারাঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষার্থীদের বিদায় এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা থানার এসআই শাহীন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামাণিক।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রকাশ ঘটাতে হবে। কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসই সফলতার মূল চাবিকাঠি। আমি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত ফলাফলের জন্য শুভকামনা জানাই।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জালাল উদ্দিন।
অনুষ্ঠানে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ২৩ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের মাধ্যমে তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান /শামি