, , ।
স্টাফ রিপোর্টার: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিল করে রাজশাহীতেই বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন সচেতন রাজশাহীবাসী। সোমবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ব্যানার নিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন পাঁচজন সচেতন নাগরিক।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত। উত্তরাঞ্চলে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সম্প্রতি প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় রাজশাহীবাসীর মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে। পাশাপাশি কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো ও জনসেবামূলক কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, শিক্ষা, প্রশাসন ও আঞ্চলিক উন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে রাজশাহীর গুরুত্ব বিবেচনায় নেসকোর প্রধান কার্যালয় এখানেই বহাল রাখা জনস্বার্থসংশ্লিষ্ট এবং উত্তরাঞ্চলের সুষম উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই অবিলম্বে স্থানান্তরের প্রস্তাব বাতিল করে প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। এ সময় সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাজশাহীর ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তারা প্রত্যাশা করেন।