সর্বশেষ সংবাদ :

ম্যাথ অলিম্পিয়াডে মেডেল আন্তর্জাতিক পর্বে ভোলাহাটের ইফতেখারুল

ভোলাহাট প্রতিনিধি: ম্যাথ অলিম্পিয়াডের জাতীয় পর্বে কৃতিত্বের সঙ্গে মেডেল অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. ইফতেখারুল হক। এ সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে ভোলাহাটের গোহালবাড়ি গ্রামের এ ক্ষুদে মেধাবী। ইফতেখারুল ভোলাহাটের সাংবাদিক ইসমাইল হোসেনের ছেলে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ম্যাথ অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে ইফতেখারুল। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে মেডেল অর্জন করে সে।
ইফতেখারুল ভোলাহাট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই গণিতের প্রতি তার আগ্রহ রয়েছে। জাতীয় পর্যায়ে এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও আনন্দের বন্যা বইছে।
জাতীয় পর্যায়ে মেডেল অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্বে নির্বাচিত হওয়ার খবরে ইফতেখারুলের পরিবারের সদস্যরা আনন্দের জোয়ারে ভাসছে। পরিবারের পক্ষ থেকে এ অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ইফতেখারুলের পরিবার আশা করছে, আন্তর্জাতিক পর্বেও সে তার মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে দেশের জন্য সম্মান বয়ে আনবে। তার এই সাফল্যে শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা স্থানীয় সাংবাদিকেরা অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
জাতীয় পর্যায়ে মেডেল অর্জন ও আন্তর্জাতিক পর্বে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ভোলাহাটের এই ক্ষুদে শিক্ষার্থী ইতোমধ্যে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে। তার এ অর্জন আগামী দিনের পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


প্রকাশিত: October 16, 2026 | সময়: 3:44 am | সুমন শেখ