শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: নানা আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা’। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আইইএস) চত্বরে বৃক্ষরোপণ করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। এরপর এক বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে উপাচার্যদ্বয়, আইইএস-এর পরিচালক প্রফেসর মো. গোলাম মোস্তফা, ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট বিভাগেসমূহের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা অংশগ্রহণ করেন।
সকাল ১০টা ৫০ মিনিটে প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয় সেমিনার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মো. হাবিবুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ)। আইইএস-এর পরিচালকের সভাপতিত্বে এই সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর জাকিয়া ইয়াসমীন এবং উপস্থাপিত প্রবন্ধের উপর প্রফেসর মো. আবুল কালাম আজাদ ও প্রফেসর এস এম শফিউজ্জামান আলোচনা করেন।
সেমিনারে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আইইএস ও সংশ্লিষ্ট বিভাগসমূহের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।