, , ।
সানশাইন ডেস্ক: সুদানে আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আইএসপিআর। স্থানীয় সময় শনিবার দুপুরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এ ড্রোন হামলায় চালায়।
এতে ছয় বাংলাদেশি নিহত এবং আটজন আহত হন জানিয়ে রোববার তাদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। নিহতরা হলেন কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী) ও শান্ত মন্ডল (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
আহত শান্তিরক্ষীরা হলেন-লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও মো. মানাজির আহসান (নোয়াখালী)।
আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে আইএসপিআর বলছে, তাদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়েছে। তার অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আহত অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে; তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী সমবেদনা জানিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোববার এক এক্স পোস্টে তিনি ওই হামলায় নিহতদের জন্য শোক এবং পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সুদানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী শনিবার দুপুরে কাদুগলি এলাকায় শান্তিরক্ষা বাহিনীর লজিসটিকস বেইজে ড্রোন হামলায় চালায়।
জাতিসংঘ মহাসচিব বলেন, শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই ‘গ্রহণযোগ্য নয়’ এবং এটা ‘যুদ্ধাপরাধের শামিল’ হতে পারে। “জাতিসংঘের শান্তিরক্ষী এবং বেসামরিক নাগরিকদের রক্ষার দায়িত্বের কথা আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই। এক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে।”