শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় একটি জুয়েলার্স দোকানে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। দুর্বৃত্তরা পাশের দোকানের দেওয়াল কেটে ‘কারুশ্রী জুয়েলার্স’-এ প্রবেশ করে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রূপা (চাঁদি) এবং নগদ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবিতে রাজশাহীর সব জুয়েলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। সাহেববাজার এলাকার স্বর্ণা হোটেলের নিচতলায় অবস্থিত ‘আফিয়া জুয়েলার্স’ ও ‘কারুশ্রী জুয়েলার্স’ পাশাপাশি অবস্থিত। চোরচক্র প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে দুটি দোকানের মাঝখানের দেওয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে সিন্দুক ও শোকেসে থাকা স্বর্ণালংকার, রূপা এবং নগদ অর্থ নিয়ে যায়।
কারুশ্রী জুয়েলার্সের মালিকপক্ষের দাবি, দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রূপা এবং নগদ ২৫ লাখ টাকা চুরি হয়েছে। তবে পাশের আফিয়া জুয়েলার্সে ওই সময় কোনো মালামাল না থাকায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, “এটি অত্যন্ত পরিকল্পিত ও ভয়াবহ চুরির ঘটনা। বিপুল পরিমাণ স্বর্ণ, রূপা ও নগদ অর্থ লুট হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত রাজশাহীর সব জুয়েলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।”
চুরির খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সিআইডি ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফরেনসিক আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সংঘটিত এ চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
সৌরভ/শামি