কুড়িগ্রাম হাসপাতালের সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের চিকিৎসাসেবা আরও কার্যকর করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ জুন দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থপনা কমিটির সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা, রোগীদের সেবার মান বৃদ্ধি, চিকিৎসক ও জনবল সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি হাসপাতালের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নিসর্গ চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, জেলার একমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের সেবার মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোগীরা যাতে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


প্রকাশিত: জুন ৪, ২০২৬ | সময়: ৪:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ