ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

আক্কেলপুর প্রতিনিধি: ‎জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি মাঠের ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা ও মাটি চাপা দেওয়া অবস্থায় অর্ধ-গলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজোর গ্রামের নিশ্চিন্তা ফসলি মাঠের কাটা ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও নীল ও ঘিয়া রঙের গেঞ্জি রয়েছে। বয়স ৩৫ থেকে ৪০ বছর মতো হবে। প্রাথমিক ভাবে পুলিশ ধরনা করছে, তাকে কয়েকদনি আগে হত্যা করে লাশটি গুম করতে ফসলি মাঠের কাটা ধানক্ষেতে মাটি চাপা দেওয়া হয়েছে। এখনো লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ওই মাঠের দুলু চেয়ারম্যানের জমির বোরো ধানক্ষেত কাটা হয়। মঙ্গলবার দুপুরে লোকজন ওই কাটা ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ অনুভব করেন। তাঁরা ধানক্ষেতে আলগা মাটি দেখে কাছে গিয়ে মানুষের হাত দেখতে পেয়ে চিৎকার দেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে আক্কেলপুর থানা পুলিশকে ঘটনাটির খবর দেওয়া হয়।
পুলিশ গিয়ে মাটি সরিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অধ-গলিত লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখমের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশটি ২ থেকে ৩ দিন আগের বলে ধারণা করছে পুলিশ।
‎নওজোর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, আমাদের গ্রামের ফসলি মাঠে কাটা ধানক্ষেতে মাটিচাপা দেওয়া একটি ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লোকটিকে নির্মমভাবে লোকটিকে হত্যা করে এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। দ্রুত লাশের পরিচয় শনাক্ত ও খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
‎তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা বাদশা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, হাত-পা বাঁধা মাটিচাপা দেওয়া একব্যক্তির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধরনা করা হচ্ছে তাকে গত ২ থেকে ৩ দিন আগে হত্যা করে লাশটি গুম করতে ফসলি মাঠের কাটা ধানক্ষেতে মাটি চাপা দেওয়া হয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।


প্রকাশিত: মে ১৩, ২০২৬ | সময়: ৪:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ