সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ: মাসজুড়ে ‘আলোকিত রমাদান’

রানা হামিদ, বদলগাছী,নওগাঁ :

নওগাঁর বদলগাছীতে রমাদান মাস উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সারামাস “আলোকিত রমাদান” আয়োজিত হয়েছে। বদলগাছী মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এ আয়োজন শিশু, যুবক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানের মূল লক্ষ্য- ইসলামি জ্ঞান সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বিশেষ করে যুব সমাজকে দ্বীনের আলোয় আলোকিত করা। প্রতি সোমবার ও শুক্রবার যোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় বিশেষ ইসলামিক আলোচনা। এলাকার সম্মানিত ইমামরা কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

সেই ধারাবাহিকতায় বুধবার (১৮ মার্চ) যোহরের নামাজের পর আলোচনায় ইসলামিক আদর্শ ও জীবনবিধান, প্রয়োজনীয় মাসআলা–মাসায়েল এবং নবী-রাসূলগণের জীবন ও শিক্ষণীয় দিক গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়। আলোচনার পর আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা, যেখানে প্রায় ৫০টি পুরস্কার বিতরণ করা হয়।

সাবেক উপজেলা মসজিদের খতিব মাওলানা আকরাম হোসেন ও বর্তমান বাজার মসজিদের খতিব রেজাউল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সাবেক ইংরেজি শিক্ষক আবুল হোসেন, বদলগাছী মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেজানুর রহমান, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই আয়োজনে মূল ভূমিকা রাখেন, রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী মো. সাদ আল জাকারিয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক শিক্ষার্থী মো. রবিউল ইসলাম রাহাত এবং রাজশাহী কলেজের শিক্ষার্থী শুভ রহমান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।#

রানা হামিদ/শামি


প্রকাশিত: March 18, 2026 | সময়: 10:18 pm | Daily Sunshine