সর্বশেষ সংবাদ :

অর্ধশত কৃষকের পানবরজ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারা রাজশাহীর বাগমারায় পানবরজে অগ্নিকান্ডের ঘটনায় অর্ধশত কৃষকের কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ২৫ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আউচপাড়া ইউনিয়নের খোদাপুর গ্রামে।
খবর পেয়ে বাগমারা ও মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বে প্রায় অর্ধশত কৃষকের পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। কী ভাবে পানবরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা কেউ স্পষ্ট করে বলতে পারছে না।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার আউচপাড়া ইউনিয়নের খোদাপুর গ্রামের ইমান আলীর, পানবরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী পানবরজ গুলোতে ছড়িয়ে পড়ে। লোকজন জুম্মার নামাজ পড়তে মসজিদে যায়। ওইসময় কয়েকজন শিশু আগুনের বিষয়টি দেখতে পায় এবং চিৎকার দিতে শুরু করে। শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুনের ঘটনা দেখতে পায়।
আগুন লাগার বিষয়টি বাগমারা ও মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনের আনে। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বেই প্রায় ২০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক ইমান আলী বলেন, অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। পানবরজ গুলোতে পুরাতন পান ছিল। বর্তমান বাজারে প্রায় কোটি টাকার পান বিক্রি হতো বলে তিনি জানিয়েছেন।
বাগমারা উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার ইব্রাহীম আলী ও মোহনপুর ফায়ার সার্ভিসের টিম লিটার রফিকুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার পানবরজ পুড়ে গেছে ও অন্যান্য ক্ষতি হয়েছে ২০ থেকে ৩০ হাজার টাকার। সবকিছু মিলে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে ক্ষতির পরিমান নির্ধারনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।


প্রকাশিত: April 26, 2025 | সময়: 3:24 am | সুমন শেখ