সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৬ নভেম্বর)উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ হোসাইন আল মামুন এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্টদের সাথে আবাসিক হল পরিদর্শন করে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা, মানসিক সহায়তা ও ক্ষতিপূরণের আশ্বাস দেন।

আবাসন ও নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশনা প্রদান করে উপাচার্য হল প্রভোস্টদের নির্দেশ দিয়েছেন যাতে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য জরুরি ভিত্তিতে আবাসিক সুবিধার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, আহত শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পূরণের লক্ষ্যে বিভাগীয় প্রধানদের ক্লাস টেস্ট পুনরায় নেওয়া এবং এটেনডেন্সে বিশেষ বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তাছাড়া,শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্যের সভাপতিত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের আশেপাশের মেসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় মেস মালিক ও বাজার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে স্থায়ী সমাধানে পৌঁছাতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রক্টর পরিবর্তন করে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইইই বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খানকে। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভীদ আঞ্জুম এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান।

সংঘর্ষের ঘটনায় প্রক্টোরিয়াল বডির পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়।

এছাড়াও প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপাচার্য সংঘর্ষের ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন। তিনি জানান, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ নভেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে দোকানদার কর্তৃক উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে যবিপ্রবি শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে । এই ঘটনায় অন্তত ২৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন । পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তারেক/শামি


প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫ | সময়: ১০:০০ পূর্বাহ্ণ | Daily Sunshine