, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে বৃষ্টির পানিতে ভাসছে তানোর পৌরসভা দাখিল মাদ্রাসা। গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে মাদ্রাসার টিনের চালার ঘরগুলোতে বৃষ্টির পানি পড়ে ডুবে আছে ক্লাস রুম। এ পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা ক্লাসে বসে পড়াশোনা করতে পারছে না। যার কারণে পাঠ দান বন্ধ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মঙ্গলবার সরেজমিন তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন কোন সংস্কার না করায় মাদ্রাসার টিনের চালার টিনগুলো মরিচায় খেয়ে ফেলেছে। ফলে অসংখ্য স্থানের টিনে ছিদ্র ফুটো হয়ে যাওয়ার কারণে চলতি বর্ষা মৌসুমের শুরুতেই সামান্য বৃষ্টিপাতে পানি পড়ে সব ক্লাস রুম পানিতে ডুবে গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে মাটির দেয়াল ও টিনের চালা দিয়ে কয়েকটি ঘর নির্মাণ করে তানোর পৌরসভা দাখিল মাদ্রাসাটি স্থাপন করা হয়। স্থাপনের পর দীর্ঘদিন কোন সংস্কার করা হয়নি। গত ১৭ বছর ওই মাদ্রাসায় সরকারিভাবে কোন বরাদ্ধ দেয়া হয়নি। দীর্ঘদিন কোন ধরনের কোন উন্নয়ন বা সংস্কার না করায় মাদ্রাসার সবগুলো ঘরের টিন ফুটো হয়ে ঝাঝরা হয়ে গেছে।
এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, জরুরী ভিত্তিতে টিনগুলো ঠিক না করলে পানি পড়ে ঘরের দেয়াল ভেঙে পড়ার পাশাপাশি বর্ষা মৌসুমে ক্লাস হবে না মাদ্রাসায়। তাই অতিসত্তর জরুরী ভিত্তিতে মাদ্রাসার ঘরের টিনের চালাগুলোর সংস্কার করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্থক্ষেপ কামনা করেছেন তারা।
এ ব্যাপারে তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন, আমি সপ্তাহ খানেক আগে এই মাদ্রাসার সভাপতির দায়িত্ব পেয়েছি। জরাজীর্ণ মাদ্রাসার টিনের চালা ঠিক করতে সরকারি সহায়তা প্রয়োজন। ঘরের টিনগুলো সংস্কারের জন্য তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। কোস বরাদ্দ পাইনি। বৃষ্টির কারণে ক্লাস বন্ধ করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, আবেদন পেয়েছি, সরকারি বরাদ্ধ আসলে মাদ্রাসাটির সংস্কারের উদ্যোগ নেয়া হবে।