সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী আহত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী রবিউল ইসলাম রবি (৪০) আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের খড়বোনার গাড়োয়ানপাড়ায় এই ঘটনা ঘটে।
আহত রবি রাজশাহী নগরীর বিনোদপুর বাজার এলাকার আজিজুল ওরফে হাবলের ছেলে। আহত রবি আওয়ামী লীগ নেতা শহিদের ছোট ভাই। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মচারী। রবি রাজশাহী সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী।
জানা গেছে- বোয়ালিয়া মডেল থানাধীন গাড়োয়ানপাড়ায় যুবলীগ কর্মী রবি ভাড়া বাসায় থাকতেন। বাড়ির সামনে রাত সাড়ে ৮ টার দিকে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত ৪ থেকে ৫ জন মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে রবি বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। হামলাকারীরা সকলেই মুখে রুমাল বাঁধা ও মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ছিল। পরে তাকে প্রত্যক্ষদর্শীরা আহত রবি রামেক হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, তার পায়ে গুলি লেগেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট নগরীর আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের আসামি রবি (৪৭) গ্রেপ্তার হন। গেল ২৪ সেপ্টম্বর পুলিশ তার নিজ এলাকা নগরীর বিনোদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বোয়ালিয়া থানার একটি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।


প্রকাশিত: April 25, 2025 | সময়: 4:04 am | সুমন শেখ