সাবেক সাংসদ শিমুলের দুর্নীতির খতিয়ান খুঁজতে দুদকের অভিযান

স্টাফ রির্পোটর, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের বিরুদ্ধে সোনামসজিদ স্থলবন্দরে সিন্ডিকেট তৈরি করে ঘুষের বিনিময়ে শুল্ক ব্যতীত ব্যবসায়ীদের পণ্য ছাড় করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এর সত্যতা যাচাই করতে দুর্নীতি দমন কমিশনের কেন্দ্রীয় কার্যালয় ৩ সদস্যের একটি দল পাঠিয়েছে বন্দরে।
সোমবার দিনব্যাপি দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে নির্দেশে দুর্নীতি দমন কমিশনের গঠিত ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযানে আসে। দলটি বিভিন্ন দপ্তরে অভিযান চালায় এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে।
এনফোর্সমেন্ট অভিযানে ৩ সদস্যের কমিটির সদস্যরা হলেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী সহকারী পরিচালক ইসমাইল হোসেন, উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন এবং অপর উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তারা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট অবস্থিত কাষ্টমস কার্যালয়, সি এ্যান্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কার্যালয় এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিমিটিডের কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথি যাচাই বাছাই ও তথ্য প্রমান সংগ্রহ করেছেন। এ নিয়ে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট যারাই হোকনা কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বন্দর ম্যানেজার মঈনুল ইসলাম জানান, দুদকের একটি দল তাদের কাছে গত বছরগুলোর পণ্য আমদানীর বিভিন্ন তথ্য দেখতে চায় এবং যাচাই বাছাই করে। পরে তারা কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন বিষয়টি নিয়ে আলোচনা করেন।


প্রকাশিত: মার্চ ১১, ২০২৫ | সময়: ৩:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর