বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রে এক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের বনজ সম্পদ উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এটি বাস্তবায়ন করছে। চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রের স্টেশন অফিসার মো. আজিজুল হকের সভাপতিত্বে সোমবার সকালে গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান সহ অন্যরা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন গবেষণা কেন্দ্রের অফিসার আজিজুল হক পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ বৃক্ষের সম্প্রসারণে গবেষণাভিত্তিক বনায়নের গুরুত্ব তুলে ধরেন।
তিনি জানান, দেশীয় ও বিলুপ্তপ্রায় বনজ প্রজাতির সংরক্ষণ এবং উন্নত উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে এই গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে বনজ সম্পদ বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।