দক্ষ ও সচেতন চালক তৈরিতে বিআরটিএর উদ্যোগ

মোঃ রাজন আহমেদ, ডিজিটাল:

পেশাজীবী গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন এবং দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), রাজশাহী সার্কেল এক বিশেষ ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি ) সকালে রাজশাহীতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে চালকদের নিরাপদ ও শৃঙ্খলিত যানচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পেশাদার চালকদের ট্রাফিক আইন মেনে চলা, দুর্ঘ*টনা রোধ এবং যানবাহন পরিচালনার দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

 

এই প্রশিক্ষণ নিতে এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য প্রায় ১৫৬ জন পেশাদার চালক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ নেওয়া চালকদের হাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয় এবং ট্রাফিক আইন সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

 

কর্মশালায় বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে সড়ক দুর্ঘটনার হার বেড়ে যায়। তাই চালকদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।

 

সড়কে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিএর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁরা আশা করছেন, নিয়মিত এমন প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার চালকদের দক্ষতা আরও বাড়বে এবং সড়ক দুর্ঘ*টনা হ্রাস পাবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) আবদুর রশিদ, আরএমপি ট্রফিক বিভাগের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, ডা. স ম বায়েজিদ উল ইসলাম সিভিল সার্জন মেডিকেল বাদীসহ, মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ, পরিবহন মালিক শ্রমিক সহ আরও অনেকে।

সানশাইন/রাজন


প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫ | সময়: ৪:২৬ অপরাহ্ণ | Daily Sunshine