সমতলের ১৬টি সংগঠনের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি

স্টাফ রিপোর্টার:

সোমবার (২৭ জানুয়ারি) রাজশাহী ডাসকো ফাউন্ডেশন হলরুমে সমতলের ১৬টি সংগঠনের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি এবং ঐক্য সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী রেবেকা সরেন। সভায় আদিবাসী অ্যাক্টিভিস্ট প্রদীপ মার্ডীর সঞ্চালনায় অন্তবর্তীকালীন সরকারের সংবিধান সংস্কারের উদ্যোগে সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশে আদিবাসী বিষয়ক প্রতিফলন না থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশের আদিবাসীদের আদিবাসী হিসেবেই স্বীকৃতি প্রদানের বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামে সম্মতি প্রকাশ করা হয়।

 

জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুবাস চন্দ্র হেমব্রম বলেন, “আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠন করে মন্ত্রণালয় দিতে হবে। দীর্ঘ বছর ধরে আমরা আমাদের এই আন্দোলন করে যাচ্ছি। এটি আরও বেগবান করতে হবে। তাহলেই আমরা আমাদের অধিকার ফিরে পাব।”

 

সভায় উপস্থিত ছিলেন আদিবাসী মুক্তি মোর্চার নেতা বাবুলাল মুরমু, আদিবাসী ইউনিয়নের নেতা শ্রীকান্ত মাহাতো, আদিবাসী সংঘের নেতা সুবাস উরাঁও, জাতীয় আদিবাসী পরিষদের নেতা রতন কুমার শিং, ওঁরাঁও কালচারাল বিডি’র নেতা মানিক এক্কা, পাহাড়িয়া বাইশির নেতা রঞ্জিত সোরিয়া, মাহলে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি) এর নেতা মাইকেল মারান্ডী, মুন্ডা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতা সুমন পাহান, আদিবাসী ছাত্র পরিষদের নেতা সঞ্জয় কুমার উরাঁও এবং সুশীল প্রতিনিধিসহ অনেকেই।

 

আদিবাসীদের ঐক্য সভায় জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী মুক্তি মোর্চা, আদিবাসী ইউনিয়ন, মাহলে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি), উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, মাহলে স্টুডেন্টস কাউন্সিল, ওঁরাঁও কালচারাল বিডি, সান্তাল ছাত্র ঐক্য, পাহাড়িয়া পরিষদ, পাহাড়িয়া বাইসি পরিষদ, পাহাড়িয়া আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন (পাসু), আসারু, বাংলাদেশ আদিবাসী সংঘ, মুন্ডা অ্যাসোসিয়েশন এবং মুন্ডা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মুখপাত্রবৃন্দ উপস্থিত থেকে আগামীর পরিকল্পনা হাতে নেন ও আদিবাসীদের অধিকার আদায়ের বিষয়ে বিস্তর আলোচনা করেন।

সানশাইন/রাজন


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫ | সময়: ৮:৪৯ পূর্বাহ্ণ | Daily Sunshine