সর্বশেষ সংবাদ :

৪৮০ জন এসআই’র প্রশিক্ষণ সমাপনী: রাজশাহীতে পুলিশের আইজির প্যারেড পরিদর্শন

জিয়াউল কবীর:

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকাল ১০টায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম প্যারেড পরিদর্শন, অভিবাদন এবং সালাম গ্রহণ করেন।

 

পুলিশের অফিসারদের উপস্থিতি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৪৮০ জন নতুন এসআইদের প্যারেড গ্রহণ শেষে পুলিশের আইজি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “অপরাধ দমন, জনগণের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখা, সততার প্রতি আস্থা স্থাপন, ফৌজদারি অপরাধ দমন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় পুলিশকে সঠিক দায়িত্ব পালন করতে হবে।”

 

নতুন এসআইদের ৮টি দল আইজিপিকে চৌকস গার্ড অব অনার প্রদান করেন। সেই সাথে ব্যান্ডের তালে অশ্বারোহী বাহিনী এবং পুলিশের কসরতের দৃশ্য মনোমুগ্ধকর ছিল।

 

আইজিপি নিজ হাতে নতুন এসআইদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী হিসেবে এসআই বদিউজ্জামান, নজরুল ইসলাম, নয়ন কুমার ঢালি এবং আরিফুল ইসলামকে বেস্ট পদক প্রদান করেন।


প্রকাশিত: January 16, 2025 | সময়: 10:56 am | Daily Sunshine