সর্বশেষ সংবাদ :

চালক সংকটে বন্ধ উত্তরা মেইল ট্রেন

নুরুজ্জামান, বাঘা: দেশের উত্তরাঞ্চলকে ঘিরে একটি ট্রেনের নামকরণ করা হয়েছিল উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেন। দিনাজপুরের পার্বতীপুর থকে ছেড়ে আসা রাজশাহীগামী এই ট্রেনটি এখন বন্ধ। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তারপরও মেলেনি সমাধান। ফলে বিপাকে পড়েছেন এ অঞ্চলের শিক্ষার্থী-সহ সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা। আর উদ্বেগ প্রকাশ করেছেন এ অঞ্চলের সুশীল সমাজ। তাদের দাবি, যে কোন উপায়ে আবারও ট্রেনটি চালু করা হোক। তবে কর্তৃপক্ষ দাবি করেছেন চালক সংকটের কারণে ট্রেনটি বন্ধ রয়েছে।
জানা গেছে, ট্রেনটি পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ৩২ নম্বর আপ-ডাউনে চলতো। এটি প্রায় একবছর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন বন্ধ করে দেয়া হয়েছে এ খবর কেউ রাখেন না। ফলে চরম ভাবে বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ। লোকজন জানান, প্রতিটি স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দেয়ার কারণে সকল পর্যায়ের মানুষ ভীষণ ভাবে উপকৃত হতো।
রেলকর্তৃপক্ষ জানান, ট্রেনটি পার্বতীপুর রেল স্টেশন থেকে রাত ৩টা ৩৫ মিনিটে রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে আসতো এবং আব্দুলপুরে লাইন ক্রসিং হয়ে সকাল ১০টা ১০ মিনিটে রাজশাহী স্টেশনে পৌঁছাতো। এরপর দুপুর সাড়ে ১২টার সময় রাজশাহী থেকে ছেড়ে এসে রাত ৮ টা ৫ মিনিটে পার্বতীপুর রেল স্টেশনে অনায়াসে পৌঁছে যেতো।
এই ট্রেনটি চলার কারণে এ অঞ্চলের মানুষ হরেক রকম কাঁচামাল (সবজি) এবং আত্রাই থেকে মাছসহ বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় পণ্য রাজশাহীতে বহন করতে পারতো। এতে যাতায়াত ব্যায় কম হওয়ায় আর্থিক ভাবে লাভবান হতো সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বর্তমানে চালক সংকটের কারণ দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছে এই ট্রেনটি।
এই ট্রেনের নিয়োমিত যাত্রী ছিলেন, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর মাছ ব্যবসায়ী ঝুন্টু মিয়া। তিনি এ প্রতিবেদককে জানান, দীর্ঘদিন যাবত উত্তরাঞ্চলে মাছের ব্যবসা করে আসছি। আত্রাইয়ে মাছ ক্রয় করে উত্তরা ট্রেনে নিয়ে এসে রাজশাহী সহ স্থানীয় আড়ানী স্ট্রেশনে নেমে আড়ানী পৌর বাজারে বিক্রি করতাম। কিন্তু ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমানে চরমভাবে বিপাকে পড়েছি।
এ বিষয়ে আড়ানী রেল স্টেশনের কুলির সরদার হোসেন আলী বলেন, আড়ানী এলাকার শত শত মানুষ উত্তরাঞ্চলে ব্যবসা করে আসছিল একমাত্র উত্তরা ট্রেনের উপর নির্ভর করে। বর্তমানে ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ার কারনে শুধু ব্যবসায়ী নয়, শিক্ষার্থীরাও অতিরিক্ত ভাড়া গুনে বাসযোগে তাদের শিক্ষা নগরী রাজশাহী যাতায়াত করছে।
আড়ানী কলেজ থেকে পাশ করা রাবির শিক্ষার্থী মাসুদ রানা অভিযোগ করে বলেন, আমরা ইতোপূর্বে উত্তরা ট্রেনে মাত্র ১৫ টাকা দিয়ে রাজশাহী যেতাম। কিন্তু বর্তমানে আন্তঃনগর ট্রেনে রাজশাহী যেতে ভাড়া গুনতে হয় ৪৫ থেকে ৫০ টাকা।
আড়ানী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, চালক সংকটের কারণে উত্তরা মেইল ট্রেনটি দির্ঘ দিন থেকে বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে এ অঞ্চলের মানুষদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ ভুইয়া বলেন, উত্তরা ট্রেনটি চালক সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে। ট্রেনটি চালু করার পরিকল্পনা চলছে। তবে কবে নাগাদ চালু হবে এ বিষয়ে তিনি সঠিক উত্তর দিতে পারেনি।


প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪ | সময়: ৬:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ