সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে চাচাকে পিটিয়ে হত্যার চেষ্টা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৮ কাঠা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাতিজার বিরুদ্ধে চাচা জিয়াউর রহমান (৩৭) রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জিয়াউর রহমান উপজেলার দাসগ্রামের মৃত ইনছান প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, জিয়াউর রহমানের জেঠাতো ভাইয়ের ছেলে সবুজ হোসেন দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক তার আট কাঠা জমি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি জিয়া সে জমি ফেরৎ চাইলে তাদের মধ্যে বিরোধ বাধে। সোমবার পুনরায় এ বিষয়ে কথা বলতে গেলে তাদের মধ্যে তর্ক বাধে। এক পর্যায়ে সবুজ তাকে রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ডলি রাণী বলেন, তার মাথায় ও হাতের কব্জিতে গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: July 15, 2026 | সময়: 3:48 am | সুমন শেখ