সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় রাসিক প্রশাসক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একইসঙ্গে তিনি ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ও পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। অন্যান্যের মধ্যে রাসিকের সচিব সোহেল রানা ও রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা রয়েছে। কর্মসূচি সফল করতে ৩৮৪টি কেন্দ্রে মোট ৭৬৮ জনস্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেছেন।


প্রকাশিত: জুন ২৯, ২০২৬ | সময়: ৪:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর