সর্বশেষ সংবাদ :

পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের কর্মচারীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পরিবার পরিকল্পনা বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের পেশাগত দক্ষতা, আচরণগত মানোন্নয়ন এবং সততা বজায় রাখার লক্ষ্যে “শিষ্টাচার, শৃঙ্খলা ও নৈতিকতা” বিষয়ক এক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়, রাজশাহীর আয়োজনে পরিবার পরিকল্পনা ভবন, রাজশাহীর সভাকক্ষে এই সেমিনারটি অত্যন্ত সফল ও প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক আব্দুর রাজ্জাক এবং সহকারী পরিচালক রাফিউন নাহার।
সেমিনারে বক্তারা সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে সততা, সময়ানুবর্তিতা এবং সেবাগ্রহীতাদের প্রতি সদয় আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এই সেশনে অংশগ্রহণকারী কর্মচারীদের দাপ্তরিক আচরণ বিধিমালা, নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) এবং নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।
ড. কস্তুরী আমিনা কুইন তাঁর সমাপনী বক্তব্যে বলেন, কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং দাপ্তরিক কার্যক্রমে শিষ্টাচার মেনে চলা প্রতিটি কর্মচারীর আইনি ও নৈতিক দায়িত্ব। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সেবার মান আরও উন্নত ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: জুন ১৫, ২০২৬ | সময়: ৫:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ