বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা :
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর বাঘায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার(১১ মে)দুপুর ১ টায় উপজেলা চত্বরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাক সেল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান। সংস্থাটির প্রধান লক্ষ্য হলো খোলা বাজারে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য-যেমন সয়াবিন, চিনি, ডাল, পেঁয়াজ, চাল ইত্যাদি বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং বাজারদর স্থিতিশীল রাখা।
এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে ১০ দিন ব্যাপী সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বাঘা উপজেলার বিভিন্ন ডিলারের মধ্যে প্রথম দিনে উপজেলা চত্বরে ‘নিলা ভ্যারাইটি স্টোর’-এর উদ্যোগে উন্মুক্তভাবে ৪৮০ টাকা মূল্যের প্যাকেজ বিক্রি করা হয়। প্যাকেজটিতে ছিল দুই কেজি মশুরের ডাল, এক কেজি চিনি এবং দুই লিটার সয়াবিন তেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলিও উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন বাঘা পৌরসভার ট্যাগ অফিসার ও উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো : মুনছুর আলী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, “সুষ্ঠু ও সুন্দর ভাবে টিসিবির ট্রাক সেল পণ্য বিক্রি সম্পন্ন হয়েছে।” তিনি এ উদ্যোগের জন্য বর্তমান সরকার এবং টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাঘার সুশীল সমাজের লোকজন জানান, পবিত্র ঈদকে সামনে রেখে টিসিবির এ ধরনের উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে। ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর পাশা-পাশি বাজার নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে টিসিবি।
নুরুজ্জামান /শামি