সর্বশেষ সংবাদ :

পাঁচ হাজার রান ছুঁয়ে ফিরলেন মুমিনুল, শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর মাঠে নেমেই ছন্দ খুঁজে পেয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ব্যাট হাতে দায়িত্বশীল পারফরম্যান্স উপহার দেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুজনের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে স্বাগতিকরা। তবে ফিফটির পরই আউট হয়ে যান মুমিনুল। ব্যক্তিগত এক বড় অর্জনের দেখা পেয়েছেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৩৮তম ওভারের শেষ বলে নোমান আলীর বিপক্ষে এক রান নিয়ে পৌঁছে যান এই অর্জনে। একই সঙ্গে তুলে নেন নিজের টানা পঞ্চম ফিফটিও।
বাংলাদেশের হয়ে এর আগে শুধু মুশফিকুর রহিম ও তামিম ইকবালই টেস্টে ৫ হাজার রান করতে পেরেছিলেন। মুমিনুল এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ৭৬টি টেস্ট ও ১৪১ ইনিংস। তার নামের পাশে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতক। মুমিনুলের সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন শান্তও। অধিনায়কও তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ একটি ফিফটি। আগের ইনিংসে যার নামের পাশে আছে দুর্দান্ত এক শতকও। দুজনের জুটিতে ধীরে ধীরে বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।


প্রকাশিত: May 12, 2026 | সময়: 4:19 am | সুমন শেখ