সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম (৪০) কে কুপিয়ে গুরুতরভাবে জখম করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ জানুয়ারী -২০২৬) দুপুরে নলডাঙ্গা উপজেলার জাঙ্গালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার নিকটাত্মীয় শামসুল ইসলামের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ বিষয়ে বাধা দিতে গেলে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দা, হাসুয়া ও শাবল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে তার ফুপাতো ভাই রাজশাহীর তাহেরপুর এলাকার মৃত আসাদ আলীর ছেলে আরিফুল ইসলাম লিটন ও তার আপন চাচা নলডাঙ্গার জাঙ্গালপাড়া এলাকার মৃত নাসির উদ্দীন প্রামানিকের ছেলে রেজাউল করিম ওরফে জুলু। আহত রিয়াজুল ইসলাম হলুদঘর এলাকার মোঃ আক্কাছ আলী প্রামাণিকের ছেলে। তিনি নলডাঙ্গা উপজেলার ১নং ব্রক্ষপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত রিয়াজুল ইসলামকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এবিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এম জহুরুল ইসলাম /শামি


প্রকাশিত: January 2, 2026 | সময়: 11:28 pm | Daily Sunshine