সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ব্যাক্তি মালিকানা জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের উপলশহরে ধলার বিলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তি মালিকানা জমিতে জোরপূর্বক খাল খননের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা। মঙ্গলবার উপলশহরে ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে ধলার বিল স্বার্থ রক্ষা কমিটির সভাপতি বিরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী, স্কুলশিক্ষক খবির উদ্দিন, কৃষক আজাদুল বারী ও শাহীন প্রামাণিক বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, উপলশহর হরিবিদি তলায় পুকুর খনন করে এবং পাশেই পুরাতন খালের মুখে বসানো রিং ভেঙে রাস্তা তৈরি করে বিলের পানি বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে উপলশহর বিলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সেখানে রাস্তায় একটি কালভার্ট স্থাপনসহ পুকুরের পাশ দিয়ে সরু নালা কেটে দিলে বা পাইপ বসিয়ে দিলে পানি খাল দিয়েই নেমে চলে যাবে। কিন্তু তা না করে ধলার বিলে ব্যক্তি মালিকানা জমি দিয়ে খাল খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এতে অসংখ্য কৃষকের জমি নষ্টের আশঙ্কায় মামলা করলে আদালত সেখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে একটি পক্ষের প্ররোচনায় সরকারী টাকায় এ খাল খননের উদ্যোগ নেয়া হচ্ছে।
মানববন্ধনে কৃষকেরা জমি নষ্ট করে নতুন খাল খননের পরিবর্তে হরিবিদি তলায় পুরাতন খালে কালভার্ট স্থাপনসহ খনন করা পুকুরের পাশ দিয়ে পানি নিস্কাশনের দাবি জানান। অন্যথায় জোর করে পৈতৃক সম্পত্তিতে খাল খনন করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।


প্রকাশিত: October 29, 2025 | সময়: 2:49 am | সুমন শেখ