সর্বশেষ সংবাদ :

ফাঁকা বাড়িতে বৃদ্ধাকে নাকমুখ থেঁতলে হত্যা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে নিজ বাড়িতে নাক-মুখ থেঁতলে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার শরীরে থাকা বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে তারা। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই মহল্লার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে স্বামী মারা যাওয়ায় মমতাজ বেগম বাড়িতে একাই বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে। তারা নিজেদের পরিবার নিয়ে আলাদা থাকেন। গৃহস্থালির কাজে সহায়তা করতেন দুই গৃহকর্মী। তার মধ্যে সুফিয়া বেগম (৪০) রান্নাবান্না সহ বাড়ির কাজ করতেন। আর সহায়-সম্পদ দেখাশোনা সহ রাতে প্রহরীর দায়িত্বে ছিলেন কাজী আবু শামা (৬১)। তাদের বাড়িও একই মহল্লায়।
রোববার রাতে আবু শামা প্রতিদিনের মতো এশার নামাজ শেষে বাড়িতে ফিরে গোঙানীর শব্দ শুনতে পান। পরে তিনি ঘরে ঢুকে মমতাজ বেগমকে মুখমণ্ডল থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
এ সময় আবু শামার চিৎকার শুনে আশপাশের বাড়িঘর থেকে আত্মীয়-স্বজনরা ছুটে এসে তাকে দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, মমতাজ বেগমের শরীরে থাকা বেশ কিছু স্বর্ণালঙ্কার খোয়া গেছে। তাদের ধারণা, ফাঁকা বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢুকেই দুর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।
এদিকে, ঘটনার পরপরই বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে ও পিবিআই পৌঁছে তদন্ত শুরু করে এবং গৃহকর্মী সুফিয়া ও প্রহরী আবু শামাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য বড়াইগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


প্রকাশিত: October 7, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ