সর্বশেষ সংবাদ :

কাটাখালিতে বিএনপির নেত্রীকে মারপিটের অভিযোগ

স্টাফ রিপোর্টার: পবার কাটাখালি থানা এলাকায় বিএনপির নারী নেত্রীকে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কাটাখালি থানার হরিয়ান ইউনিয়নের নলখোলা আশরাফের মোড় এলাকায়। এব্যাপারে কাটাখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কাটাখালি থানার নলখোলার বাবলু হোসেনের স্ত্রী বিএনপি হরিয়াম ইউনিয়ন সাবেক সভানেত্রী নিলুফার ইয়াসমিন মঙ্গলবার সন্ধ্যায় আশরাফের মোড়ে কেনাকাটা করতে যায়। সেখানে রনহাট গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে নুরুল ইসলামের সাথে দেখা। এরপর আসন্ন সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ভোটের কথাবার্তা উঠে। এর এক পর্যায়ে ভোট দেয়া নিয়ে কথা কাটাকাটি শুরু হলে নুরুল ইসলাম তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
গালাগালি করতে নিষেধ করলে উত্তেজিত হয়ে নুরুল ইসলাম নিজের সেন্ডেল দিয়ে নিলুফার সাথে থাকা বোন নুরবানুকে মারপিট করে। এছাড়াও অসুস্থ নিলুফার পেটে লাথি মারতে থাকে। মোড়ের লোকজন নিলুফা ও নুরবানুকে নুরুল ইসলামের মারপিটের হাত থেকে রক্ষা করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগি নিলুফার সাথে কথা বলে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় ভোট নিয়ে কথাবার্তার এক পর্যায়ে নুরুল ইসলাম তার বোনসহ তাকে মারপিট করে। মোড়ের রজব আলী, সবজি বিক্রেতা হেলাল উদ্দিন ও চা বিক্রেতা মোজাম আলী ঘটনা দেখেছেন। অভিযুক্তের সঠিক শাস্তির দাবিতে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এব্যাপারে বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা সত্য। ভুক্তভোগি থানার আশ্রয় নিয়েছেন।
ঘটনা নিয়ে জামায়াত কর্মী নুরুল ইসলাম বলেন, আমার স্ত্রী নৌকা মার্কায় ভোট দিয়েছে বলে ওই দুই নারী এলাকায় গুজব রটিয়ে বেড়ায়। বিষয়টি নিয়ে তাদের প্রশ্ন করা হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।


প্রকাশিত: November 12, 2025 | সময়: 2:27 am | সুমন শেখ