ঢাকা অফিস: দক্ষিণ সুদান সে দেশের বিশাল পতিত জমি বাংলাদেশকে লিজ দিতে চায়। এসব জমিতে বিভিন্ন ফসল উৎপাদনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দেশটি। আজ মঙ্গলবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এবং দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক এর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানানো হয়। সাক্ষাৎশেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের সাথে এ বিষয়ে মতবিনিময়ে বলেন, দক্ষিণ সুদানে ছয় লাখ বর্গকিলোমিটারের বেশি জমি রয়েছে। এর বেশির ভাগ জমি পতিত পড়ে থাকে, চাষাবাদ হয় না। এ বিশাল এলাকাকে কৃষি উৎপাদনের আওতায় এনে অনেক ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সে দেশের সরকারের মালিকানায় বা খাস জমি লিজ নিয়ে ফসল উৎপাদন নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তাদের অনেকেও আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী বলেন, আমরা দক্ষিণ সুদানে কী ফসল উৎপাদন করা যায়, জমি কীভাবে চাষের আওতায় আনা যায় তা দেখতে একটি বিশেষজ্ঞ টিম পাঠাব। তাদের রিপোর্টের ভিত্তিতে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রকাশিত:
February 8, 2022 | সময়: 10:36 pm | সুমন শেখ