পুঠিয়া বিএনপির দুই নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুজন হলেন, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মা ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। এদের মধ্যে আনোয়ারুল ইসলাম পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আর রফিকুল ইসলাম বানেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। বুধবার জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুজনকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ দুজনকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, ‘আনোয়ারুল ইসলাম একজন হেডমাস্টারকে স্কুলে যেতে দিচ্ছেন না। এ জন্য শোকজ করেছিলাম। তিনি জবাব দিলেও সেটা গ্রহণযোগ্য না। তাই তাকে বহিষ্কার করা হলো। আর রফিকুল ইসলাম দুই সেনা সদস্যের বাড়িতে হামলা করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাই তাকেও বহিষ্কার করা হয়েছে।


প্রকাশিত: জুন ১২, ২০২৫ | সময়: ৪:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ